নিউ ইয়র্কে বিস্ফোরণে আহত ২৯, গুরুতর অবস্থায় ১ জন
-
বিস্ফোরণে আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে
আমেরিকার নিউ ইয়র্ক নগরীতে বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টায় নিউ ইয়র্কের ম্যানহাটনের বার, রেস্তোরাঁ ও বিলাসবহুল আবাসিক ভবন সমৃদ্ধ অন্যতম ব্যয়বহুল এলাকা চেলসিতে এ বিস্ফোরণ ঘটেছে।
প্রচণ্ড বিস্ফোরণ ঘটার পর আতংকিত লোকজন ছুটাছুটি শুরু করে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায় নি। অবশ্য বিস্ফোরণকে উদ্দেশ্যমূলক বলেছেন নিউ ইয়র্কের মেয়র। তবে এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক পাওয়া যায় নি বলেও জানিয়েছেন তিনি।
পার্শ্ববর্তী নিউ জার্সিতে কয়েক ঘণ্টা আগে পাইপ বোমা বিস্ফোরণের সঙ্গে চেলসির ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই এবং সন্ত্রাস-বিরোধী সংস্থা তদন্ত শুরু করেছে। এদিকে, নিউ ইয়র্ক নগরীর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।#
পার্সটুডে/মূসা রেজা/১৮