বসিয়ে দেয়া হলো ৪০০ বিলিয়ন ডলার প্রজেক্টের মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫
https://parstoday.ir/bn/news/world-i20596-বসিয়ে_দেয়া_হলো_৪০০_বিলিয়ন_ডলার_প্রজেক্টের_মার্কিন_যুদ্ধবিমান_এফ_৩৫
আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের ওপর উড্ডয়ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এফ-৩৫’কে যুদ্ধের জন্য প্রস্তুত হিসেবে ঘোষণার মাত্র এক মাসের মধ্যে এ ঘটনা ঘটল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১১:০৩ Asia/Dhaka
  • বসিয়ে দেয়া হলো ৪০০ বিলিয়ন ডলার প্রজেক্টের মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫

আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের ওপর উড্ডয়ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এফ-৩৫’কে যুদ্ধের জন্য প্রস্তুত হিসেবে ঘোষণার মাত্র এক মাসের মধ্যে এ ঘটনা ঘটল।

এ নির্দেশের পর এফ-৩৫ জঙ্গিবিমান বহরের ১০৮টির মধ্যে ৫৭টিকে বসিয়ে দেয়া হয়েছে। বিমানের জ্বালানি ট্যাংক শীতল রাখার ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়। মার্কিন বিমানবাহিনী এ পদক্ষেপকে সাময়িক হিসেবে দাবি করেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী শত্রু বিমানসহ অন্যান্য হুমকির বিরুদ্ধে এ বিমান দিয়ে অনেক দূর থেকে হামলা করা যাবে। বর্তমানে প্রচলিত যুদ্ধবিমানের পাল্লার চেয়েও এ বিমানের পাল্লা অনেক বেশি বলে জানানো হয়েছে। এ ছাড়া, এ বিমানের উপস্থিতি শনাক্ত করার আগেই শত্রুর বিরুদ্ধে আঘাত হেনে তা নিরাপদে সরে যেতে পারবে। মার্কিন বিমানবাহিনী আগামী বছরগুলোতে মোট ১,৭৬৩টি ‘এফ-৩৫এ’ বিমান কিনবে বলে কথা রয়েছে।

কিন্তু সফটওয়্যার সমস্যাসহ অন্যান্য সমস্যা এখনো এফ-৩৫’র পিছু ছাড়ছে না। বিমানটির জন্য বানানো লক্ষ ডলারের হেলমেটেও সমস্যা রয়েছে। এটি ব্যবহারে বিমান থেকে জরুরি অবস্থায় বের হয়ে আসার সময় পাইলট ঘাড়ে মারাত্মক চোট পেতে পারেন।

এ বিমানের ব্যাপক খরচ এবং সক্ষমতার বিষয়টি এখন কেলেঙ্কারি এবং অনুশোচনার কারণ হয়ে উঠেছে বলে এর আগে  অভিযোগ করেছেন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন।#

পার্সটুডে/মূসা রেজা/১৯