‘ভারত করছে সফটওয়্যার রপ্তানি আর পাকিস্তান করছে সন্ত্রাসবাদ’
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ রপ্তানি করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “এটি হচ্ছে একমাত্র দেশ যে কিনা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে সন্ত্রাসবাদ রপ্তানি করছে।”
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় এক ডজনেরও বেশি সৈন্য নিহত হওয়ার পর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় মোদি এ মন্তব্য করলেন।
ভারত অভিযোগ করছে, পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসলামাবাদ যথারীতি এ অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র গত চার মাসে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে আসা প্রায় ১১০ সন্ত্রাসীকে খতম করেছে ভারতীয় সেনারা।
পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলার হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আমরা তোমাদের একঘরে করে ফেলব। আমি সেজন্য কাজ করে যাচ্ছি।” ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, “আমরা একই বছর স্বাধীনতা অর্জন করেছি; কিন্তু (আজ) ভারত সফটওয়্যার রপ্তানি করছে আর তোমাদের নেতারা রপ্তানি করছে সন্ত্রাসবাদ।”
গত জুলাই মাসের প্রথমদিকে কাশ্মিরের শীর্ষস্থানীয় গেরিলা নেতা বুরহান ওয়ানি ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এর প্রতিবাদে গোটা জম্মু-কাশ্মির উত্তাল হয়ে ওঠে। প্রতিবাদকারী জনতার সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রায় ৮০ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। তবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান সত্ত্বেও যখন প্রতিবাদী কাশ্মিরীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তখনই উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫