আমেরিকাকে 'পরিণতি' ভোগ করতে হবে: সৌদি হুমকি
https://parstoday.ir/bn/news/world-i21556-আমেরিকাকে_'পরিণতি'_ভোগ_করতে_হবে_সৌদি_হুমকি
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সৌদি সরকারের বিরুদ্ধে মামলার সুযোগ দিয়ে মার্কিন কংগ্রেসে চূড়ান্তভাবে বিল পাস হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াদ। সৌদি সরকার হুমকি দিয়ে বলেছে, “এ বিল মারাত্মক পরিণতি ডেকে আনবে।”
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১১:৫৫ Asia/Dhaka
  • ৯/১১\'র হামলার দৃশ্য
    ৯/১১\'র হামলার দৃশ্য

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সৌদি সরকারের বিরুদ্ধে মামলার সুযোগ দিয়ে মার্কিন কংগ্রেসে চূড়ান্তভাবে বিল পাস হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াদ। সৌদি সরকার হুমকি দিয়ে বলেছে, “এ বিল মারাত্মক পরিণতি ডেকে আনবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, বিপর্যয়কর ও মারাত্মক পরিণতি ঠেকানোর জন্য রিয়াদের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব বলছে, এ বিল মারাত্মক রকমের উদ্বেগের কারণ। মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিলের কারণে অনেকগুলো দেশের নিরাপত্তা বা দায়মুক্তি দুর্বল হয়ে পড়বে এবং আমেরিকাসহ বহু দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে সৌদি কর্মকর্তা উল্লেখ করেছেন।

মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ -দু কক্ষেই ‘জাস্টিস অ্যাগেইনেস্ট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট’ বা ‘জাস্টা’ নামের বিল পাস হওয়ার পর সৌদি আরব এ হুমকি দিল। এর আগে এ বিলের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দিয়েছিলেন। নিরংকুশ ভোটের মাধ্যমে সেই ভেটো বাতিল করেছে সিনেট ও প্রতিনিধি পরিষদ। ওবামা বলে আসছেন, এ বিল আইনে পরিণত হলে বিদেশে মার্কিন সেনাদের জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং আমেরিকার স্বার্থ ক্ষুণ্ন করবে। ভেটো নাকচ করাকে ওবামা বিপজ্জনক নজির বলেও মন্তব্য করেছেন।

৯/১১’র হামলায় জড়িত ১৯ আল-কায়েদা সন্ত্রাসীর মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক বলে তদন্তে বেরিয়ে এসেছে। তবে সৌদি সরকার দাবি করছে- এসব সন্ত্রাসীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

এদিকে, মার্কিন কংগ্রেসে বিল পাস হওয়ার পর সৌদি আরব কী ধরনের ব্যবস্থা নিতে পারে -এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে সম্পর্ক কমিয়ে আনতে পারে রিয়াদ। এর পাশাপাশি আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্রদেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোকেও সব ধরনের সহযোগিতা কমিয়ে দেয়ার জন্য সৌদি সরকার চাপ দিতে পারে। এসব দেশ থেকে মার্কিন সামরিক ঘাঁটি তুলে দেয়ার বিষয়েও চিন্তা করতে পারে সৌদি সরকার।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০