আমেরিকার স্কুলে গোলাগুলি চলছেই: এবার নিহত ৬ বছরের শিশু
-
নিহত জ্যাকব হল (ফাইল ছবি)
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। সাউথ ক্যারেলিনা অঙ্গরাজ্যের একটি এলিমেন্টারি স্কুলে ১৪ বছরের এক কিশোরের গুলিতে ওই শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেয়ার তিন দিন পর তার মৃত্যু হয়।
জ্যাকব হল নামের শিশুটি বুধবার স্কুলের খেলার মাঠে গুলিবিদ্ধ হয় এবং শনিবার হাসপাতালে মারা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ বছরের কিশোরের গুলিতে হলের পাশাপাশি আরেক ছাত্র এবং একজন শিক্ষক আহত হন। নিজের পিতাকে গুলি করে হত্যা করার পর ওই কিশোর স্কুলে এসেও গুলি চালাতে থাকে। পুলিশ ওই কিশোরের নাম বা পরিচয় প্রকাশ করেনি।
১৮ বছর না হওয়ার কারণে কিশোরটির ড্রাইভিং লাইসেন্স ছিল না। কিন্তু তা সত্ত্বেও সে বাবাকে হত্যা করে নিজে একটি পিক-আপ ট্রাক প্রায় ছয় কিলোমিটার চালিয়ে স্কুলে চলে যায় এবং সেখানে আবার নৃশংসতা চালায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির শব্দ শুনে একজন শিক্ষক দ্রুত বাকি শিশুদের খেলার মাঠ থেকে সরিয়ে না নিলে আরো বহু শিশুর প্রাণহানি হতে পারত। দু’টি হত্যাকাণ্ডের কোনোটিরই কারণ জানায়নি পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সমালোচকরা সাধারণ মানুষের হাতে এত অবাধে অস্ত্র দেয়ার বিরোধিতা করলেও অস্ত্র ব্যবসায়ী ও তাদের রাজনৈতিক গুরুদের কারণে অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টা সফল হচ্ছে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২