ফ্লাইট এমএইচ১৭: ডাচ রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i21916-ফ্লাইট_এমএইচ১৭_ডাচ_রাষ্ট্রদূতকে_তলব_করল_রাশিয়া
দুই বছর আগে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ওই ঘটনায় রাশিয়ার হাত ছিল বলে নতুন করে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ পদক্ষেপ নিল মস্কো।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ০৪, ২০১৬ ০৯:২৫ Asia/Dhaka
  • বিধ্বস্ত ফ্লাইট এমএইচ১৭\'র ধ্বংসাবশেষ (ফাইল ছবি)
    বিধ্বস্ত ফ্লাইট এমএইচ১৭\'র ধ্বংসাবশেষ (ফাইল ছবি)

দুই বছর আগে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ওই ঘটনায় রাশিয়ার হাত ছিল বলে নতুন করে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ পদক্ষেপ নিল মস্কো।

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হল্যান্ডের রাষ্ট্রদূত রেনি জোন্স-বসকে তলব করে বলা হয়েছে, ওই তদন্ত প্রতিবেদন মস্কোকে সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে গঠিত তদন্ত দলকে সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ডাচ রাষ্ট্রদূত।

২০১৪ সালের জুলাই মাসে হল্যান্ডের আমস্টার্ডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার পথে ২৯৮ জন আরোহীসহ পূর্ব ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হয় ফ্লাইট এমএইচ১৭। ওই ঘটনায় এর সব আরোহী প্রাণ হারান।

হল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া ও ইউক্রেনকে নিয়ে গঠিত একটি তদন্ত দল গত সপ্তাহে ঘোষণা করে, একটি বিইউকে ক্ষেপণাস্ত্রের আঘাতে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় এবং এটি যে পূর্ব ইউক্রেনের রুশ-পন্থি গেরিলাদের নিয়ন্ত্রিত এলাকা দিয়ে ছোঁড়া হয়েছিল সে ব্যাপারে তারা ‘অকাট্য প্রমাণ’ পেয়েছেন।

রাশিয়া ডাচ রাষ্ট্রদূতকে তলব করে এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর ডাচ পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্স হল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ প্রতিক্রিয়ার প্রতিবাদ জানিয়েছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুগানস্কে ২০১৪ সালের এপ্রিলে কিয়েভের সেনাবাহিনী অভিযান শুরু করার পর রুশ-পন্থি গেরিলাদের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এখনো ওই দু’টি অঞ্চলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ জারি রয়েছে। গত দুই বছরেরও বেশি সময়ের এ সংঘর্ষে ৯,৪০০ মানুষ নিহত ও ২১ হাজারের বেশি লোক আহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪