মোদি ক্ষমতায় থাকা পর্যন্ত পাক-ভারত সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নেই: সারতাজ
-
সারতাজ আজিজ
পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকা পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কোন্নয়নের সম্ভাবনা খুবই কম। পাকিস্তান রেডিও’র বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
সারতাজ আজিজ অবশ্য পরিষ্কার করে বলেছেন, গোটা অঞ্চলের কল্যাণের জন্য ভারতের সঙ্গে তার দেশ চলমান উত্তেজনা কমাতে চায়। এজন্য পাকিস্তান কূটনৈতিক উপায়ে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে কাশ্মির ইস্যুতে পাকিস্তান তার মৌলিক অবস্থান পরিবর্তন করবে না। এ নীতির আলোকে পাকিস্তান কাশ্মিরের জনগণের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের সংগ্রামের প্রতি রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন সারতাজ আজিজ।
আফগানিস্তান প্রসঙ্গে পাক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী এ দেশটিতে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার বিষয়ে ইসলামাবাদ অব্যাহতভাবে ভূমিকা পালন করে যাবে। সম্প্রতি গুলবুদ্দিন হেকমতিয়ারের দল হিজবে ইসলামির সঙ্গে আফগান সরকারের সই হওয়া শান্তি চুক্তির কথা উল্লেখ করে সারতাজ বলেন, এ মডেল অনুসরণ করে যদি আরো কেউ কাবুল সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় তাহলে পাকিস্তান তাকে স্বাগত জানাবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০