মিশরে সামরিক ঘাঁটি লিজ নেয়ার আলোচনা করছে রাশিয়া
-
সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ এসইউ-২৫ বিমান (ফাইল ফটো)
মিশরের কয়েকটি সামরিক ঘাঁটি লিজ নেয়ার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে রাশিয়া। এর মধ্যে সিদি বারানি শহরের একটি বিমানঘাঁটিও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। এ ঘাঁটিটি ভূমধ্যসাগরের কাছে অবস্থিত।
সামরিক ঘাঁটি লিজ নেয়ার বিষয়ে রাশিয়া ও মিশর যদি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারে তাহলে ২০১৯ সালের মধ্যে মস্কো সিদি বারানি ঘাঁটিটি ব্যবহার শুরু করবে। এ ঘাঁটিকে রাশিয়া বিমানঘাঁটি হিসেবেই ব্যবহার করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, দু পক্ষ এ পর্যন্ত একমত হয়েছে যে, মস্কো ওই ঘাঁটিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করবে তবে রুশ সেনা মোতায়েন হবে সীমিতসংখ্যক। সূত্রটি দাবি করেছে, মিশরীয় ঘাঁটি সংস্কার ও লিজ নেয়ার আলোচনা সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে।
মিশরের সিদি বারানি শহরে ১৯৭২ সাল থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি নৌঘাঁটি ছিল। মার্কিন জাহাজ পর্যবেক্ষণের জন্য ঘাঁটিটি ব্যবহার করত মস্কো।
গত সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, কিউবা ও ভিয়েতনামের পুরনো ঘাঁটিগুলো ব্যবহারের চিন্তা করছে মস্কো। এরপর মিশরে সামরিক ঘাঁটি লিজ নেয়া সম্পর্কিত খবর বের হলো।
রাশিয়া বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ভূ-রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে এবং অবস্থায় প্রতিটি দেশ তার জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১