‘চার বছরের মধ্যেই ১০০ পরমাণু বোমা মজুত করবে উত্তর কোরিয়া’
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র মজুতের সংখ্যা আগামী চার বছরের মধ্যে ১০০-তে পৌঁছাবে। দেশটি দ্রুত পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এ তথ্য দিয়েছে মার্কিন থিংক ট্যাংক র্যান্ড কর্পোরেশন।
র্যান্ড কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক হিসেবে মনে করা হচ্ছে- উত্তর কোরিয়ার হাতে ১৩ থেকে ২১টি পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান আছে। এসব বোমা ২০২০ সালের মধ্যে তৈরি করা হবে। এছাড়া, এ সময়ের মধ্যে আরো ৫০ থেকে ১০০টি পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান দেশটি তৈরি করতে পারবে।
অন্যদিকে, মিশ্র পন্থা অবলম্বন করে দেশটি পরমাণু বোমার উপাদান তৈরির খরচও কমিয়ে আনতে পারবে। ফলে পরমাণু বোমা তৈরির উপাদান ব্যাপক মাত্রায় তৈরি করতে পারবে উত্তর কোরিয়া।
গত ৯ সেপ্টেম্বর দেশটি পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। একে দেশটির এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে।এছাড়া, বিমান বা জাহাজযোগে পরমাণু বোমা মোতায়েনের সক্ষমতা আছে বলেও দাবি করেছে উত্তর কোরিয়া। আমেরিকার মতো দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করে চলেছে উত্তর কোরিয়া। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে এ ক্ষেত্রে পুরো সক্ষমতা অর্জন করবে পিয়ংইয়ং। পরিণামে এটি আমেরিকা এবং তার মিত্রদের জন্য মারাত্মক জাতীয় নিরাপত্তা সংকট ডেকে আনবে বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১১