ডায়াবেটিস ঠেকাতে চিনিসমৃদ্ধ পানীয়র ওপর বাড়তি কর বসান: ‘হু’
https://parstoday.ir/bn/news/world-i22780-ডায়াবেটিস_ঠেকাতে_চিনিসমৃদ্ধ_পানীয়র_ওপর_বাড়তি_কর_বসান_হু’
বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘হু’ চিনিসমৃদ্ধ পানীয়র ওপর বাড়তি অন্তত ২০ শতাংশ করারোপের আহ্বান জানিয়েছে। স্থূলতা এবং ডায়াবেটিস বা বহুমুত্র রোগের বিশ্বব্যাপী প্রকোপ ঠেকাতে এ আহ্বান জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ১৯:৩৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘হু’ চিনিসমৃদ্ধ পানীয়র ওপর বাড়তি অন্তত ২০ শতাংশ করারোপের আহ্বান জানিয়েছে। স্থূলতা এবং ডায়াবেটিস বা বহুমুত্র রোগের বিশ্বব্যাপী প্রকোপ ঠেকাতে এ আহ্বান জানানো হয়।

‘হু’ কর্মকর্তারা বলছেন, কম ক্যালোরির মিষ্টি পানীয় খাওয়া হলো বাড়তি ওজন কমানোসহ ডায়াবেটিস ঠেকানোর সেরা উপায়। এজন্য কথিত কোমল পানীয় থেকে শুরু করে ফ্রুট জুস পর্যন্ত চিনিসমৃদ্ধ সব পানীয়র ওপর ২০ শতাংশ বেশি কর ধার্য করা উচিত। বিশ্বব্যাপী প্রতিবছর ৮৭ হাজার কোটি ডলারের কথিত কোমল পানীয় বিক্রি হয়।

‘হু’র অসংক্রামক ব্যধি এবং স্বাস্থ্য উন্নয়ন বিভাগের প্রধান টেমো ওয়াকানিভালু বলেন, এ আহ্বান জানানোর জন্য পর্যাপ্ত প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে আছে। চিনিসমৃদ্ধ পানীয়র ওপর কার্যকরভাবে বাড়তি কর বসানোর জন্য দেশগুলোকে উৎসাহিত করা হবে বলে জানান তিনি।

বিশ্বে ১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে স্থূলতা দিগুণ বেড়েছে। বিশ্বব্যাপী ১১ শতাংশ পুরুষ এবং ১৪ শতাংশ নারীকে স্থূল হিসেবে ধরা হয়। অর্থাৎ বিশ্বে স্থূল মানুষের সংখ্যা ৫০ কোটির বেশি।

অবশ্য 'পথ্য এবং অসংক্রামক রোগপ্রতিরোধ বিষয়ক রাজস্ব নীতি' নামের ‘হু’র প্রতিবেদন লবণ এবং চর্বিসমৃদ্ধ খাবারও স্থূলতা ডেকে আনে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিশ্বের অনেক দেশই চিনিসমৃদ্ধ পানীয়র ওপর বাড়তি করারোপের বিষয় নিয়ে এরইমধ্যে ভাবতে শুরু করেছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১২