‘প্রতিশোধ নিতে গিয়ে ইয়েমেনের চোরাবালিতে আটকে যেতে পারে আমেরিকা’
প্রতিশোধ নিতে গিয়ে আফগানিস্তান এবং ইরাকের মতোই ইয়েমেনে হয়ত চোরাবালিতে আটকে যাবে আমেরিকা। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওয়াশিংটনভিত্তিক মার্কিন বিশ্লেষক এবং পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যালোফ।
মার্কিন রণতরী লক্ষ্য করে ইয়েমেন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকার সেনাবাহিনী প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে বলে পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস মঙ্গলবার ঘোষণা করেছেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে গতকাল প্রেস টিভিকে সাক্ষাৎকার দেন মাইকেল ম্যালোফ।
তিনি বলেন, মার্কিন রণতরীগুলো আন্তর্জাতিক পানিসীমায় ছিল এবং তাদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিশোধমূলক হামলা স্বাভাবিক বলেই ধরে নেয়া হবে। তবে আসল ব্যাপার হলো, সৌদি আগ্রাসীদের পক্ষ নিয়ে নৌ অবরোধ সৃষ্টির কাজে জড়িত রয়েছে মার্কিন নৌবাহিনী। এ প্রেক্ষাপটে মার্কিন রণতরীর ওপর ইয়েমেনি হামলাকে বোধগম্য এবং ন্যায্য হিসেবেই ধরে নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
এ অবস্থায় প্রতিশোধ নেয়া হলে মার্কিন-বিরোধী মনোভাব তুঙ্গে উঠবে, উত্তেজনা আরো বাড়বে এবং আমেরিকার বিরুদ্ধে বৈরী মনোভাব তীব্র হবে। রাজনৈতিক কারণেই ইয়েমেন সংকটে জড়িত হওয়া আমেরিকার জন্য উচিত ছিল না বলে মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩