জাপানের সঙ্গে যৌথ মহড়া চালাতে জঙ্গিবিমান পাঠিয়েছে ব্রিটেন
-
আরএএফ’এর একটি ইউরোফাইটার টাইফুন
ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র চারটি ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমান জাপানে পাঠানো হয়েছে। পূর্ব এশিয়ার এ দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য এসব বিমান পাঠিয়েছে লন্ডন। এ ছাড়া, এ বহরের সঙ্গে রয়েছে একটি ট্যাংকার বিমান, দু’টি পরিবহন এবং একটি ১৭০ আরএএফ সাপোর্ট বিমান।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় নামছে ব্রিটেন এবং এ পদক্ষেপ নিশ্চিতভাবেই চীনের জন্য বিরক্তির কারণ হয়ে দেখা দেবে।
আগামী সপ্তাহে বিমানগুলো জাপানে পৌঁছাবে। এই প্রথম জাপানি সেনাবাহিনীর সঙ্গে মহড়ায় নামছে আরএএফ। জাপানের উত্তর-পূর্বের মিসাওয়া বিমানঘাঁটিতে আগামী শুক্রবার শুরু হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এ মহড়া।
ব্রিটেন এবং জাপান এ মহড়াকে নিছক গৎ বাঁধা সামরিক সহযোগিতা হিসেবে তুলে ধরতে চাইছে। অথচ ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেশ দু’টি এর আগে প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করেছিল।
এর আগে, ওই অঞ্চলে সাগর বা আকাশ পথ ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপের বিরুদ্ধে লন্ডন এবং টোকিও একযোগে বেইজিং’র বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৫