‘আমেরিকায় আগ্নেয়াস্ত্র দুর্ঘটনায় প্রতি ৪৮ ঘণ্টায় একজন শিশু নিহত হয়’
আমেরিকায় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুর্ঘটনায় প্রতি ৪৮ ঘণ্টায় একজন শিশু নিহত হচ্ছে। অর্থাৎ একদিন পর পর প্রাণ হারাচ্ছে একজন করে মার্কিন শিশু। কখনো গুলিভরা আগ্নেয়াস্ত্র নিয়ে খেলতে গিয়ে নিজের গুলিতে আবার কখনো বড়দের বেখেয়ালে এভাবে বেঘোরে প্রাণ হারাচ্ছে মার্কিন শিশুরা।
নির্দলীয় গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ ১,৫০০ উৎস থেকে এ সংক্রান্ত তথ্য যোগাড় করেছে এবং গতকাল (শুক্রবার) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম ১০ মাসে শূন্য থেকে ১১ বছর বয়সি ৮০৪ শিশু হতাহত হয়েছে। এ ছাড়া, ১২ থেকে ১৭ বছর বয়সি কিশোর হতাহত হয়েছ ৭৫০ জন।
সব মিলিয়ে অনূর্ধ্ব ১১ বছরের ৩০১ শিশু নিহত এবং ৫০৩ জন আহত হয়েছে। এ ছাড়া, কিশোর বয়সি ১৫০ জন নিহত এবং ৬০০ জন আহত হয়েছে।
প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে, হতাহতের সবচেয়ে বেশি শিকার হয়েছে অনূর্ধ্ব পাঁচ বছরের শিশু।
আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুর্ঘটনার হতাহতের যে হিসাব মার্কিন সরকার দিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ’র হিসাবে সে সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে প্রমাণ পাওয়া গেছে।
এদিকে, মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির হিসাবে গত বছর আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুর্ঘটনায় ৭৪ জন শিশু-কিশোর নিহত হয়েছিল। অন্যদিকে এপি এবং ইউএসএ টুডে একই বছরে ১১৩ জনের নিহত হওয়ার হিসাব দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫