উত্তর কোরিয়া ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i23095-উত্তর_কোরিয়া_ব্যর্থ_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_চালিয়েছে_আমেরিকা
উত্তর কোরিয়ার মধ্যম-পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে মার্কিন সরকার দাবি করেছে। ৪,০০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকার গুয়াম ঘাঁটিতে হামলা চালানো সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ০৪:৫৩ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ছবি)
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার মধ্যম-পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে মার্কিন সরকার দাবি করেছে। ৪,০০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকার গুয়াম ঘাঁটিতে হামলা চালানো সম্ভব।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাটেজিক কমান্ড আজ (রোববার) জানিয়েছে, শনিবার কোরিয়ার স্থানীয় সময় দুপুরে এ ব্যর্থ পরীক্ষা চালানো হয়। এটি ‘মুসুদান’ শ্রেণির ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ওই কমান্ড ধারণা করছে। উত্তর কোরিয়া এ পর্যন্ত সাতবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও  মাত্র একবার তা আংশিক সফল হয়।

এ ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। সিউল দাবি করেছে, উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং শহরের একটি বিমান ঘাঁটি থেকে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে এ পরীক্ষা চালানো হয়।

অবশ্য এ সম্পর্কে উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গুয়াম দ্বীপ

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র গ্যারি রস উত্তর কোরিয়ার এ প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে স্পষ্টভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আরো কোনো পদক্ষেপ  কোরিয় উপদ্বীপে এরইমধ্যে বিরাজমান উত্তেজনাকে আরো তীব্র করে তুলবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া, গতমাসে পিয়ংইয়ং’র পক্ষ থেকে চালানো পরমাণু অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদ যখন দেশটির বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে তখন এ ব্যর্থ পরীক্ষা চালানো হলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬