ইয়েমেনে আবারো মার্কিন রণতরীতে হামলা হয়েছে: দাবি করল পেন্টাগন
ইয়েমেনি বাহিনী মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রাবাহী গাইডেড মিসাইলবাহী রণতরী ইউএসএস ম্যাসনের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। লোহিত সাগরে মার্কিন রণতরীকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের আনসারুল্লার সঙ্গে সম্পর্কিত বাহিনী জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।
ইয়েমেন উপকূল থেকে চালানো এ হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ায় ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীকে আঘাত করতে পারে নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
অবশ্য ইয়েমেনি সেনাবাহিনী এবং ক্ষমতাসীন আনসারুল্লাহ প্রশাসন ওয়াশিংটনের সর্বশেষ দাবি সম্পর্কে এখনো কোনো বক্তব্য দেয় নি। ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি নেতৃত্বাধীন অব্যাহত বিমান হামলায় সহায়তা করছে আমেরিকা। গোটা ইয়েমেনের বেসামরিক লক্ষ্যবস্তুই সৌদি বিমান হামলার প্রধান শিকারে পরিণত হয়েছে।
এর আগে লোহিত সাগরে মার্কিন রণতরীর ওপর কথিত হামলার অজুহাতে ইয়েমেনের তিন রাডার কেন্দ্রে টোমাহক ক্ষেপণাস্ত্র হামলা করেছ আমেরিকা। তার কয়েকদিনের মধ্যেই মার্কিন রণতরীর বিরুদ্ধে নতুন হামলার দাবি করছে আমেরিকা। অবশ্য এর আগের হামলার দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিল ইয়েমেন।
অবশ্য, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা মার্কিন রণতরীর ওপর হামলার দাবি করা হলো।#
পার্সটুডে/মূসা রেজা/১৬