‘মার্কিন রণতরীতে আদৌ হামলা হয়নি- ওটা রাডারের ত্রুটি’
মার্কিন রণতরীর রাডার ব্যবস্থায় ত্রুটির কারণেই ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে এটি ধারণা করেছিল। আর এ ধারণার ভিত্তিতেই গত সপ্তাহে ইয়েমেনের তিন রাডার কেন্দ্রের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। নতুন করে প্রকাশিত এক প্রতিবেদনে এ সব কথা উঠে এসেছে।
গত বৃহস্পতিবার ইয়েমেনের তিনটি রাডার কেন্দ্রের ওপর হামলা চালানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে ‘আনুষ্ঠানিকভাবে’ সংঘাতে জড়িয়ে পড়ে আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক দাবি করেছেন, আন্তর্জাতিক পানিসীমায় তৎপর মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার মুখে এমন ব্যবস্থা নেয়া প্রয়োজন হয়ে পড়েছিল।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিন দফা ‘ক্ষেপণাস্ত্র হামলা’ করা হলেও তার কোনোটিই মার্কিন রণতরীতে আঘাত হানে নি।
মার্কিন রণতরী বিপদের মুখে পড়েছিল বলে যে সব কথা বলা হয়েছে তা নিয়ে এবার খোদ মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যেই সন্দেহ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, রণতরীর রাডার ব্যবস্থার ক্রুটির কারণেই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে তেড়ে আসছে বলে ধারণা সৃষ্টি হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দ্যা উইককে বলেছেন, এ সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে মার্কিন নৌবাহিনী অবহিত আছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অ্যান্টিওয়ার ডট কমে জ্যাসন ডিটতস লিখেছেন, মার্কিন রণতরীগুলো ভুল মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে; সত্যি বলতে কি প্রতিশোধ নেয়ার মতো কোনো ঘটনা সৃষ্টিই হয় নি।
তিনি আরো বলেন,ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এ ধরনের হামলা চালায়নি বলে প্রথম থেকেই যে ঘোষণা দিচ্ছে এবার তারও ব্যাখ্যা পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৮