উ. কোরিয়ার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে: আমেরিকার দাবি
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দাবি করেছে, উত্তর কোরিয়ার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। এ দাবি সত্য হলে গত এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হলো পিয়ংইয়ং ।
মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী কুসং থেকে একটি রকেট ছোঁড়ার পরই তা বিস্ফোরিত হয়ে যায়। রকেটটি মাসুদান ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টার ‘কঠোর নিন্দা’ করেছে আমেরিকা। একইসঙ্গে এ তৎপরতাকে উসকানি হিসেবে মনে করা হচ্ছে বলে জানান পেন্টাগনের মুখপাত্র ও নৌবাহিনীর কমান্ডার গ্যারি রোস। ওয়াশিংটন নিজ ‘উদ্বেগের’ বিষয়টি জাতিসংঘে উত্থাপন করবে বলে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, পিয়ংইয়ং’র এ ধরনের তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি জোরদারের লক্ষ্যেই এটি করা হবে।
এদিকে, পৃথক এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে উসকানিমূলক ও অবৈধ তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছে।
ওয়াশিংটন এবং সিউল মনে করছে, উত্তরর কোরিয়ার মাসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩,০০০ কিলোমিটার। সড়কে ভ্রাম্যমাণ লাঞ্চার দিয়ে এটি ছোঁড়া যায় বলেও ধারণা করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৯