রাশিয়াকে নিয়ে দ্বিধাবিভক্ত ইইউ: দেয়া গেল না কড়া বিবৃতি
https://parstoday.ir/bn/news/world-i23599-রাশিয়াকে_নিয়ে_দ্বিধাবিভক্ত_ইইউ_দেয়া_গেল_না_কড়া_বিবৃতি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সমর্থন করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি সম্বলিত ঐক্যবদ্ধ বিবৃতি দেয়ার বিষয়ে একমত হতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কড়া ভাষার বিবৃতি লিখেও শেষ পর্যন্ত তা প্রকাশ করা সম্ভব হয় নি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ১৪:০৪ Asia/Dhaka
  • শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা
    শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সমর্থন করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি সম্বলিত ঐক্যবদ্ধ বিবৃতি দেয়ার বিষয়ে একমত হতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কড়া ভাষার বিবৃতি লিখেও শেষ পর্যন্ত তা প্রকাশ করা সম্ভব হয় নি।

জোটের কোনো কোনো সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিতে রাজি হয় নি। ফলে তুলনামূলক ‘নরম সুরের’ বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে ব্রাসেলসে ইইউরোপীয় ইউনিয়নের এ সম্মেলন শেষ হয়েছে।  

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির অনুরোধে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাশিয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতি কী হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো সম্প্রতি সিরিয়া ইস্যুতে রাশিয়ার ওপর চাপ জোরদার করেছে। সিরিয়ার আলেপ্পো শহর যখন উগ্র সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধারের চূড়ান্ত অভিযান চলছে তখন পশ্চিমা দেশগুলো এ চাপ জোরদারের চেষ্টা করছে।

সম্মেলনের ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়েছিল- সিরিয়ার সরকারকে সমর্থন দেয়া ব্যক্তি বা সত্ত্বার বিরুদ্ধে এ জোট নিষেধাজ্ঞার মতো পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী রেনজি বেঁকে বসায় বিবৃতিতে পরিবর্তন আনা হয়। রেনজি বলেছেন, বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো দেশের নাম থাকতে পারবে না। পরে চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সরকার ও তার মিত্রদের বিশেষ করে রাশিয়ার হামলার নিন্দা জানাচ্ছে ইইউ এবং শিগগিরি শত্রুতাপূর্ণ আচরণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১