সাইবার হামলায় বন্ধ শত শত ওয়েবসাইট: মার্কিন নির্বাচন ভণ্ডুলের প্রস্তুতি!
https://parstoday.ir/bn/news/world-i23659-সাইবার_হামলায়_বন্ধ_শত_শত_ওয়েবসাইট_মার্কিন_নির্বাচন_ভণ্ডুলের_প্রস্তুতি!
বড় মাপের সাইবার হামলায় অ্যামাজন থেকে টুইটার পর্যন্ত শত শত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল অব সার্ভিস বা ডিডিওএস নামে পরিচিত এ হামলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ০৮:০৬ Asia/Dhaka
  • সাইবার হামলায় বন্ধ শত শত ওয়েবসাইট: মার্কিন নির্বাচন ভণ্ডুলের প্রস্তুতি!

বড় মাপের সাইবার হামলায় অ্যামাজন থেকে টুইটার পর্যন্ত শত শত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল অব সার্ভিস বা ডিডিওএস নামে পরিচিত এ হামলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

নির্বাচনের দিনে বড় ধরনের হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নজিরবিহীনভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে বলেও আশংকা ব্যক্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি।

হামলার মুখে যেসব ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল তার মধ্যে রয়েছে, সিএন্এন, টুইটার, পেপল, ফক্স নিউজ, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল।

অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস মনে করছে, তাদের সমর্থকরা এ হামলায় জড়িত ছিল। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়গ্রহণকারী উইকিলিকস’র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার প্রতিবাদে এ হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস করে দেয়ার পর ওয়াশিংটনের চাপের মুখে ইকুয়েডর সরকার এ পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছিল।   

এছাড়া, নিউ ওয়ার্ল্ড হ্যাকার্স নামের একটি গোষ্ঠীও টুইটার বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে, কারো দাবি সম্পর্কেই স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায় নি।

এদিকে, সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে খ্যাতনামা নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস শেনিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সেবা প্রদানে নিযুক্ত কোম্পানিগুলোর প্রতিরক্ষা সক্ষমতা কেউ মারাত্মক প্রক্রিয়ায় যাচাই করার কাজ শুরু করেছেন। কেউ যেন এ ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার জন্য প্রচণ্ড তৎপর হয়ে উঠেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২২