তিন বছর পর ইরানে ফ্লাইট চালু করল কেএলএম এয়ারলাইন্স
-
তেহরানে কেএলএম\'র বিমান
তিন বছর বিরতির পর ইরানের সঙ্গে নেদারল্যাণ্ডের বিমান যোগাযোগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত শনিবার রাতে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বিমান। পশ্চিমা অবরোধের কারণে ২০১৩ সাল থেকে ডাচ পতাকাবাহী বিমান ইরানে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।
তেহরানের ওপর থেকে পশ্চিমা অবরোধ উঠে যাওয়া এবং ইরান ও নেদারল্যাণ্ডের মধ্যে আবার বিমান চলাচল শুরুর ফলে ইরানের বাজার সম্পর্কে ডাচ নাগরিকরা জ্ঞান লাভ করতে পারবে। নতুন করে ইরানে কেএলএম বিমানের ফ্লাইট শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেনে ডি গ্রুট একথা বলেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য জোরদারের লক্ষ্যে তেহরান এবং আমস্টারডামের মধ্যে সপ্তাহে সাতটি ফ্লাইট চলাচল করবে। ইউরোপে আমস্টারডাম বিমানবন্দরের বিশেষ অবস্থানের কারণে উত্তর আমেরিকা ও কানাডায় ভ্রমণ করতে আগ্রহী ইরানিদের জন্য বিমানবন্দরটি একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে বলে জানান তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪