৩০ জনের বেশি তুর্কি কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছেন
https://parstoday.ir/bn/news/world-i23905-৩০_জনের_বেশি_তুর্কি_কূটনীতিক_জার্মানিতে_আশ্রয়_চেয়েছেন
তুরস্কের ৩০ জনের বেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এসব কূটনীতিকের বিরুদ্ধে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ২০:২১ Asia/Dhaka
  • তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর আটক অভিযান
    তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর আটক অভিযান

তুরস্কের ৩০ জনের বেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এসব কূটনীতিকের বিরুদ্ধে।

গত ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির সরকার বলে আসছে- ওই ঘটনার প্রধান পরিকল্পনাকারী হচ্ছেন গুলেন; তার পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় সেনা ব্যর্থ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

কূটনীতিকদের আশ্রয় চাওয়া প্রঙ্গে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোহানেস দিমরোথ আজ (সোমবার) জানান, ৩৫ জন তুর্কি কূটনীতিক আনুষ্ঠানিকভাবে আশ্রয়ের আবেদন করেছেন। তবে এসব আশ্রয় চাওয়া ব্যক্তির কারোরই নাম, পরিচয় ও কূটনৈতিক মর্যাদা প্রকাশ করেন নি দিমরোথ। জার্মান এ মুখপাত্র জানান, রাজনৈতিক আশ্রয় চাওয়া কূটনৈতিকদের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে কারণ অনেক কূটনীতিক তাদের আসল পরিচয় আবেদনে উল্লেখ করেন নি।

১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর তুর্কি সরকার শত শত কূটনীতিককে দেশে তলব করেছে। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করা গুরকান বালিককে গত ১৮ আগস্ট আটক করেছে তুর্কি সরকার। কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত তুনচে বাবলি এবং কোস্টারিকায় নিযুক্ত রাষ্ট্রদূত আলী ফিনদিককেও ওই একইদিন রাজধানী আংকারা থেকে আটক করা হয়।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪