সৌদি হামলায় ইয়েমেনিদের হত্যা নিকৃষ্টতম সন্ত্রাসবাদ: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/world-i24073-সৌদি_হামলায়_ইয়েমেনিদের_হত্যা_নিকৃষ্টতম_সন্ত্রাসবাদ_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, সৌদি হামলায়  ইয়েমেনিদের হত্যা করার ঘটনাগুলো নিকৃষ্টতম সন্ত্রাসবাদ। ইরান সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকে দেয়া এক সাক্ষাতে আজ (বুধবার) তিনি এই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৬, ২০১৬ ২২:১৩ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর সাক্ষাৎ
    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর সাক্ষাৎ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, সৌদি হামলায়  ইয়েমেনিদের হত্যা করার ঘটনাগুলো নিকৃষ্টতম সন্ত্রাসবাদ। ইরান সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকে দেয়া এক সাক্ষাতে আজ (বুধবার) তিনি এই মন্তব্য করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘কিছু বেসরকারি গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতার মধ্যেই সন্ত্রাসবাদ সীমিত নয়, শোক-মিছিলের জনগণের ওপর সৌদি সরকারের মত কোনো কোনো সরকারের হাতে পাইকারিভাবে শত শত মানুষ হত্যার ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ।’

সম্প্রতি ইয়েমেনে একটি জানাজার সমাবেশে সৌদি বিমান হামলায় বহু শিশু ও নারীসহ প্রায় দেড়শ জন বেসামরিক ইয়েমেনি নিহত ও আরও বেশি সংখ্যক আহত হয়। সৌদি সরকার ওই হামলার কথা স্বীকার করেছে। 

আয়াতুল্লাহ খামেনেয়ী সন্ত্রাসবাদকে মানবজাতির অন্যতম যন্ত্রণাদায়ক দুর্দশা হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে আন্তরিক লড়াই চালানোর আহ্বান জানান।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রভাবশালী বিশ্ব-শক্তিগুলোর আন্তরিক প্রতিজ্ঞা জরুরি। তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বের বিশেষজ্ঞ ও সরকারগুলোকে আহ্বান জানান।

মার্কিন সরকারসহ কোনো কোনো পশ্চিমা সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নন বলে তিনি আবারও মন্তব্য করেন।

তিনি বলেছেন, এই সরকারগুলো সব কিছুই তাদের নিজস্ব স্বার্থের আলোকে বিবেচনা করে, তারা ইরাক বা সিরিয়ার সন্ত্রাসবাদ সমস্যা নির্মূলের কথা ভাবছে না।

ইরানের সর্বোচ্চ নেতা ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া সৌদি যুদ্ধের নিন্দা করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে তীব্র নিন্দা জানান। তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব স্পষ্টভাবেই জানিয়েছেন যে ইয়েমেনি শিশুদের ওপর হত্যাযজ্ঞের নিন্দা জানানো জাতিসংঘের পক্ষে সম্ভব নয়, কারণ জাতিসংঘ সৌদি অর্থের ওপর নির্ভরশীল।  এ ধরনের মানসিকতা আন্তর্জাতিক সংস্থার রাজনীতিবিদদের নৈতিক অবস্থার দুঃখজনক চিত্রই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনে গত প্রায় দেড় বছরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি সরকারের নির্বিচার বিমান হামলায় দশ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। সৌদি সরকারকে নিষিদ্ধ অস্ত্রসহ নানা ধরনের গণ-বিধ্বংসী অস্ত্র দিচ্ছে মার্কিন সরকারসহ পশ্চিমা কয়েকটি সরকার। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৬