আমেরিকায় আগাম ভোটগ্রহণ চলছে; জাল ভোট দিতে গিয়ে ট্রাম্পের সমর্থক গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/world-i24367-আমেরিকায়_আগাম_ভোটগ্রহণ_চলছে_জাল_ভোট_দিতে_গিয়ে_ট্রাম্পের_সমর্থক_গ্রেপ্তার
আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক টেরি লিন রোট জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার থেকেই আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
অক্টোবর ৩০, ২০১৬ ১৫:০৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক টেরি লিন রোট জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার থেকেই আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।

পল্ক কাউন্টির তালিকাভুক্ত রিপাবলিকান সমর্থক টেরি লিন রোট আগাম ভোট দেয়ার সুযোগ নিয়ে প্রথম দফা কাউন্টি ভোটকেন্দ্রে ভোট দেন। এরপর দ্বিতীয় দফা ভোট দিতে কাউন্টির ভ্রাম্যমাণ একটি ভোটকেন্দ্রে যান। এরপরই তিনি গ্রেপ্তার হন। যদিও পাঁচ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

আগামী ৭ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু দিন ধরে অভিযোগ করে আসছেন, মার্কিন নির্বাচনে কারচুপি হবে। কিন্তু তার সমর্থকই জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। জাল ভোট দেয়ার কথা স্বীকার করে টেরি লিন রোট বলেছেন, কারচুপি হবে মনে করেই তিনি জাল ভোট দিতে গিয়েছিলেন।

টেরি দাবি করেন, প্রথম দফা ভোট দিয়ে তার মনে হয়েছে, সেটি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে চলে যাবে। এ কারণে দ্বিতীয় দফা ভোট দিতে গেছেন, যাতে সেটি ট্রাম্পের ঘরেই যায়। নির্বাচনী প্রচারের শুরু থেকেই নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানিয়েছেন টেরি।

প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হবে বলে বেশ কিছু দিন ধরেই অভিযোগ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হবে বলে ট্রাম্পের আশঙ্কা। আগামী ৮ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরইমধ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০