ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন পুতিন
-
এমসিপি ৩০০
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের প্রতিরক্ষার জন্য ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন। এর অংশ হিসেবে তিনি রোবট ট্যাংক বহর মোতায়নের প্রস্ততি নিচ্ছেন। রোবট ট্যাংক দেয়াল বাইতে পারবে।
এর আগে, রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য সোভিয়েত আমলের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সেকেলে হয়ে পড়েছে। এছাড়া, বিশাল রুশ ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা খুবই অল্প হওয়ায় দেশটির ভৌগলিক সার্বভৌমত্ব রক্ষা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। পাশাপাশি সিরিয়ার যুদ্ধ প্রমাণ করেছে যে, রোবট প্রযুক্তির ওপরই ভবিষ্যৎ যুদ্ধ নির্ভর করবে। অনিবার্য প্রয়োজনের তাগিদেই রাশিয়া চৌকস অস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
রুশ বাহিনীকে নতুন যে অস্ত্র দেয়া হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রোবট পরিচালিত ক্যাটারপিলার। বাধা অপসারণসহ নানা কাজে ব্যবহারযোগ্য খাজকাটা ধাতুপাতের বেলযুক্ত ট্যাক্টর বা ক্যাটারপিলার। এমসিপি ৩০০ নামের এ ক্যাটারপিলার ৩০০ কেজি ওজনের সরঞ্জাম বহন করে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে ছুটতে পারে। রাশিয়ার রোবট বিষয়ক মন্ত্রণালয় এরইমধ্যে এমসিপি ৩০০'র প্রয়োগ ও মূল্যায়ন করে দেখেছে।
পরমাণু, জৈব এবং রাসায়নিক অস্ত্রের হামলার পরও নতুন এ যন্ত্র অনায়াসে তৎপরতা চালাতে পারবে। এতে রুশ সেনাদের জীবন বিপন্ন করে তৎপরতা চালানোর প্রয়োজন পড়বে না। প্রয়োজন অনুসারে এতে নানা অস্ত্র এবং তথ্য যোগাড়ের জন্য স্পর্শক বা সেন্সর বসানো যাবে। এমসিপি ৩০০ দিয়ে ত্রাণ এবং নজরদারির কাজও চালানো যাবে।#
পার্সটুডে/মূসা রেজা/৩১