মার্কিন সামরিক বাহিনী ‘ভুলে’ মিশিগান অঙ্গরাজ্যে বোমা ফেলেছে
মার্কিন একটি সামরিক বিমান ‘ভুল করে’ মিশিগান অঙ্গরাজ্যে কয়েকটি বোমা এবং ক্ষেপণাস্ত্র ফেলেছে। এ সব বোমা এবং ক্ষেপণাস্ত্রকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। গত মাসের ২৫ তারিখে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের বিমানটি উড়ে যাওয়ার পথে এ সব বোমা এবং ক্ষেপণাস্ত্র পড়ে যায়। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের সেলব্রিজ ঘাঁটি থেকে উড়ে ক্যাম্প গারিলিং প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। মিলিটারি ডট কম ওয়েব সাইট বুধবার এ খবর দিয়েছে।
মিশিগান এয়ার ন্যাশনাল গার্ড বলেছে, ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ ঘটার মতো কোনো উপাদান ছিল না এবং এতে ভয় পাওয়ার মতোও কিছু নেই। অবশ্য বোমাগুলো বিস্ফোরণ ঘটার উপযোগী ছিল কিনা সে বিষয়ে কিছুই জানা যায় নি। এয়ার ন্যাশনাল গার্ড বলেছে, তারা বোমাগুলো অবস্থান শনাক্ত করতে পেরেছে।
লুজেমির একটি জঙ্গল থেকে পরে পাঁচটি বোমা এবং একটি ক্ষেপণাস্ত্রকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয় নি বলে জানানো হয়েছে। যান্ত্রিক গোলযোগের জন্য এ ঘটনা ঘটেছে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা দাবি করেছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/৩