উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i24835-উত্তর_কোরিয়ার_ওপর_অর্থনৈতিক_নিষেধাজ্ঞা_কঠোর_করল_আমেরিকা
উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নয়া আইন জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এর ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সব পথ বন্ধ হয়ে গেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৬ ০৪:১৮ Asia/Dhaka
  • অ্যাডাম জে. যুবিন
    অ্যাডাম জে. যুবিন

উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নয়া আইন জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এর ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সব পথ বন্ধ হয়ে গেল।

শুক্রবার জারি করা নতুন আইনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে আমেরিকার ব্যাংক একাউন্টগুলোকে আর কোনোভাবেই ব্যবহার করতে না পারে সেজন্য মার্কিন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যাডাম জে. যুবিন এ সম্পর্কে বলেছেন, উত্তর কোরিয়া তার ‘অবৈধ’ অর্থনৈতিক লেনদেনের জন্য আমেরিকারই কিছু প্রথম সারির কোম্পানি ও এজেন্টকে ব্যবহার করছে। আর এই অর্থ ব্যয় করা হচ্ছে দেশটির অবৈধ পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। এখন থেকে এ ধরনের অর্থ আর কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে গত জুন মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় উত্তর কোরিয়াকে সামনের সারির মানি লন্ডারিং’র দেশ বলে অভিহিত করেছিল।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা

গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার পঞ্চম ও সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর জাতিসংঘের মাধ্যমে পিয়ংইয়ং’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করে ওয়াশিংটন।

তবে উত্তর কোরিয়া বলেছে, দেশটির বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতির অবসান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন সব মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিজের সামরিক পরমাণু কর্মসূচি বন্ধ করবে না পিয়ংইয়ং।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫