মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলেল প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এ বিজয়ের মধ্যদিয়ে সব মতামত জরিপকে মিথ্যা প্রমাণ করেন তিনি।
এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে ২৮৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ৭০ বছর বয়সী ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৫টি। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন ছিল।
গতকাল এ নির্বাচনে প্রেসিডেন্ট পদ ছাড়াও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি পরিষদের ৫৩৮টি আসনের মধ্যে এ পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান দল পেয়েছে ২৩৫টি এবং ডেমোক্র্যাট দল পেয়েছে ১৯১টি আসন। আর সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৫১টি ও ডেমোক্র্যাট দল পেয়েছে ৪৭টি আসন। ফলে মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে রিপাবলিকান দল।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মার্কিন কোনো সরকারি দফতরে কাজ করার বা সেনাবাহিনীতে চাকরি করার অভিজ্ঞতা নেই ট্রাম্পের। এই প্রথম এমন ব্যক্তি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।
এদিকে, বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন হিলারি। পাশাপাশি নিজের পরাজয় মেনে নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিজয়ী ভাষণে ট্রাম্প বলেন, হিলারি দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। এছাড়া আমেরিকা হিলারির কাছে ঋণী বলেও স্বীকার করেন তিনি। আজ (বুধবার) স্থানীয় সময় খুব ভোরে নিউ ইয়র্কে নিজ প্রচার সদর দফতরে পৌঁছে সমর্থকদের উদ্দেশ্যে এ ভাষণ দেন। ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তিনি সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হবেন।
এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা দিক থেকে উল্লেখযোগ্য ছিল। এই প্রথম দেশটির কোনো নারী প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন। সবচেয়ে উল্লেখযোগ্য নির্বাচনী প্রচারণার সময়ে দু পক্ষই কোনোরকম রাখঢাকের ধার ধারেন নি। এছাড়া, দু প্রার্থীই নোংরা ভাষায় পরস্পরকে আক্রমণ করেছেন এবং এর মধ্যদিয়ে মার্কিন কথিত গণতন্ত্রের নগ্নরূপ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৯