ইরানের নীতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রভাব পড়বে না: রুহানি
https://parstoday.ir/bn/news/world-i25231-ইরানের_নীতিতে_মার্কিন_প্রেসিডেন্ট_নির্বাচনের_কোনো_প্রভাব_পড়বে_না_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ (বুধবার) বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রভাবই ইরানের নীতির ওপর পড়বে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ১৬:০২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ (বুধবার) বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রভাবই ইরানের নীতির ওপর পড়বে না।

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের প্রসঙ্গ তুলে ধরে এ কথা বলেন তিনি। ড. রুহানি বলেন, ভুল নীতির অনুসরণ এবং বিশ্ব সম্প্রদায় ও ইউরোপের সঙ্গে ব্যাপক দূরত্ব থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আমেরিকার অবস্থান যথেষ্ট দুর্বল হয়ে গেছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য আগের মতো জোরালোভাবে ইরান ভীতিরও প্রসার ঘটাতে পারবে না ওয়াশিংটন। ইরান গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বিশ্বের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপনের নীতি নিয়েছে এবং পরমাণু নিষেধাজ্ঞা ভাঙতে সক্ষম হয়েছে। এতে ইরানের সঙ্গে সব দেশের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারাকে পিছিয়ে আনার কোনো সুযোগ নেই।

আমেরিকার বিদায়ী প্রশাসনের অংশগ্রহণে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা শুধু একক কোনো দেশ বা সরকারের সঙ্গে সমঝোতা নয় বলে উল্লেখ করেন তিনি। এ সমঝোতার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন থাকায় একক কোনো সরকারের পক্ষে তা নাকচ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।#

পার্সটুডে/মূসা রেজা/৯