বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল খোদ আমেরিকা
-
ফাইল ফটো
ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন বাহিনী দাবি করছে, এসব হামলার লক্ষ্য ছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
গতকাল (বুধবার) এক ঘোষণায় মার্কিন বাহিনী বলেছে, তাদের বিমান হামলায় ১১৯ জন বেসামরিক নাগরিক মারা গেছে। মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্য কমান্ড বলেছে, ২৪ দফা বিমান হামলায় এসব বেসামরিক নাগরিক নিহত হয়। মার্কিন হামলায় দেশ দুটিতে বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা যে সংখ্যা দিয়েছে তার চেয়ে আমেরিকার দেয়া সংখ্যা অনেক কম। লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা এয়ারওয়েজসহ অন্য অনেক মানবাধিকার সংস্থা বলেছে, মার্কিন নেতৃত্বাধীন হামলায় ১,৭৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল জন থমাস দাবি করেন, “বেসামরিক নাগরিক যত কম মারা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করি তবে অনেক সময় হামলার লক্ষ্য বিচ্যুত হয়ে বেসামরিক নাগরিক মারা যায়।”
দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিক নাগরিক হত্যার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে আমেরিকা। এখন সেই আমেরিকাই নিজের ভুল ও বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল।
২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর দাবি করে আসছে আমেরিকা। তবে সন্ত্রাসীদের ওপর মার্কিন হামলার তেমন কোনো প্রভাব এ পর্যন্ত দেখা যায় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০