উপদেষ্টা দাবি করলেন, ট্রাম্প-মোদি ‘সেরা বন্ধু’ হবেন
https://parstoday.ir/bn/news/world-i25336-উপদেষ্টা_দাবি_করলেন_ট্রাম্প_মোদি_সেরা_বন্ধু’_হবেন
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেরা বন্ধু’ হবেন বলে জানিয়েছেন ট্রাম্পের এক উপদেষ্টা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১৬:৫৯ Asia/Dhaka
  • উপদেষ্টা দাবি করলেন, ট্রাম্প-মোদি ‘সেরা বন্ধু’ হবেন

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেরা বন্ধু’ হবেন বলে জানিয়েছেন ট্রাম্পের এক উপদেষ্টা।

 

ট্রাম্পের উপদেষ্টা শালাব কুমার

আমেরিকা ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী শালাব কুমার ট্রাম্পের উপদেষ্টা। তিনি ট্রাম্পের ভারতীয়-আমেরিকান ভোটারদের বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার মাধ্যমেই মোদি সম্পর্কে অবহিত হয়েছেন ট্রাম্প। এ ছাড়া, মোদি সম্পর্কে জানার জন্য ট্রাম্পের ব্যাপক আগ্রহ ছিলো বলে জানান তিনি।

তিনি বলেন, আমেরিকা এবং ভারত কেবল পরস্পরের সেরা বন্ধু হবে না বরং ট্রাম্প ও মোদিও পরস্পরের সেরা বন্ধু হবেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ট্রাম্পকে খুবই ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ ছাড়া, আমেরিকার প্রতি অনেক ‘অন্যায় করা হয়েছে এবং এ সব ঠিক করতে হচ্ছে তাকে।

এ ছাড়া, পাকিস্তানের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয় কুমারকে। জবাবে তিনি বলেন, আন্ত-সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে এরই মধ্যে কথা আলোচনা করছেন ট্রাম্প। তিনি দাবি করেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবেও মনে করেন ট্রাম্প।

ভারত থেকে ১৯৬৯ সালে আমেরিকায় অভিবাসন করেন  কুমার। এ ছাড়া, রাজনীতিতে আগ্রহী গোষ্ঠী রিপাবলিকান হিন্দু কোয়ালিশনও প্রতিষ্ঠা  করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১০