পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে চাইবেন ট্রাম্প: উপদেষ্টা
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সম্পাদিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার চেষ্টা করবেন। ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ওয়ালিদ ফেরেজ ব্রিটেনের বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
জার্মানি এবং আমেরিকা, ফ্রান্স, চীন, ব্রিটেন ও রাশিয়াকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতা, চূড়ান্ত যৌথ কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত। গত বছরের জু্লাই মাসে এতে সবপক্ষ সই করেছে।
সমঝোতা সই হওয়ার পর থেকেই মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বলে আসছেন যে, ভবিষ্যৎ মার্কিন প্রশাসন এ সমঝোতার বিরোধিতা করবে এবং এটিকে বাতিল করে দেবে। নির্বাচনী প্রচারের সময়ে ট্রাম্প বলেছেন, বিজয়ী হলে তিনি এ চুক্তি ‘ছিঁড়ে ফেলবেন’ কিংবা নতুন করে শর্ত নির্ধারণ করবেন। ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ওয়ালিদ বলেন, ‘ছিঁড়ে ফেলা’ শব্দটি বেশ কঠোর। আন্তর্জাতিক প্রেক্ষাপটে সই হয়েছে তাই ট্রাম্প প্রশাসন এটাকে মেনে নেবে। তবে সমঝোতাটি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
ট্রাম্প এটিকে আবার কংগ্রেসে ফেরত পাঠাবেন উল্লেখ করে তিনি বলেন, তিনি ইরানিদের কয়েকটি ইস্যু অন্তর্ভুক্ত করতে এবং কিছু বিষয় পরিবর্তন করতে বলবেন। এটি রদবদলের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
এ আলোচনা বেশ উত্তেজনাপূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতাটি এখন যেমন আছে তা মেনে নেবেন না ট্রাম্প।
পার্সটুডে/মূসা রেজা/১১