৪ বছর মেয়াদ পুরো করতে পারবেন না ট্রাম্প: মাইকেল মুর
আমেরিকার বিখ্যাত ডকুমেন্টারি নির্মাতা মাইকেল মুর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চার বছরের মেয়াদ পুরো করতে পারবেন না। পদত্যাগ কিংবা ইমপিচমেন্টের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে পূর্বাভাস দিয়েছেন মুর।
হোয়াইট হাউজ জয়ের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন বলে জুলাই মাসেই নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন মুর। চার বছরের মেয়াদ কেন ট্রাম্প শেষ করতে পারবেন না তার ব্যাখ্যা দিতে গিয়ে মুর বলেন, নিজের ছাড়া আর কোনো আদর্শই মানেন না ট্রাম্প। অতিমাত্রায় আত্মপ্রেমী ট্রাম্প উগ্র আত্মমুখী চিন্তার কারণে আইনের প্রতি সামান্য তোয়াক্কা করবেন না এবং আইন ভাঙবেন। এমএসএনবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মুর।
তিনি ট্রাম্পের জন্য অসুস্থ কিছু কামনা করছেন কিনা -এমন প্রশ্নের জবাবে মুর বলেন, ট্রাম্প নিজেই অসুস্থ। এছাড়া, ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় না হওয়া পর্যন্ত আমেরিকায় বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বানও এর আগে জানিয়েছিলেন তিনি।
এদিকে, মুরের মতোই মার্কিন রাজনৈতিক-ঐতিহাসিক অ্যালেন লিচট্ম্যানও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন। তিনিও বলেছেন, পরবর্তী প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে। সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন লিচ্টম্যান। তিনি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা ভঙ্গ করার বা মুনাফা করার চেষ্টার দায়ে ট্রাম্পকে ইমপিচ করা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/১২