ক্লাস বাদ দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে নামল মার্কিন শিক্ষার্থীরা
https://parstoday.ir/bn/news/world-i25762-ক্লাস_বাদ_দিয়ে_ট্রাম্প_বিরোধী_বিক্ষোভে_নামল_মার্কিন_শিক্ষার্থীরা
মার্কিন যুক্তরাষ্ট্রর হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৫, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রর হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা।

ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড এবং ওরেগনের কয়েকটি নগরীর হাজার হাজার ছাত্র ক্লাস বাদ দিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তাদের হাতে ট্রাম্প বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।

ক্যালিফোর্নিয়ার পূর্ব লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ শোভাযাত্রায় অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থীরই ভোট দেয়ার বয়স হয় নি। এ ছাড়া, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে বলে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে অনেক বিক্ষোভকারী মার্কিন এবং মেক্সিকান পতাকা বহন করেছে। একই ঘটনা ঘটেছে, ওরেগনের পোর্টলান্ড এবং মেরিল্যান্ডের সিলভার স্প্রিংয়ে।

বিক্ষোভকারীরা যে সব প্ল্যাকার্ড বহন করেছে তার কোনো কোনোটিতে লেখা ছিল, ঘুরে দাঁড়াও, একতাই বল। ছাত্ররা জানায়, তারা বর্ণবাদী প্রেসিডেন্ট চায় না। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে ট্রাম্পকে সরাসরি ‘নাৎসী’ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক সপ্তাহ পার হলেও দেশটিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভে ভাটা পড়ে নি। শিকাগো, নিউ ইয়র্ক, বোস্টনসহ আমেরিকার গুরুত্বপূর্ণ নগরীগুলোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।#

পার্সটুডে/মূসা রেজা/১৫