ইরানের কাছে বোয়িং বিক্রি নিষিদ্ধ করে বিল আসছে: ভেটো দেবেন ওবামা
-
বারাক ওবামা (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বোয়িং বিমান বিক্রির বিরুদ্ধে আসন্ন বিলে ভেটো দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইরানের কাছে বিমান বিক্রি করতে অস্বীকার করার মানেই হচ্ছে তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করা।
ধারণা করা হচ্ছে-চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের কাছে বিমান বিক্রি নিষিদ্ধ করার দাবি সম্বলিত একটি বিল পাস করবে। তবে বিলটি সম্ভবত সিনেটে তোলা হবে না কারণ সেখানে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন লাগবে।
রিপাবলিকানদের উদ্যোগে আসন্ন এ বিলে মার্কিন অর্থ মন্ত্রণালয়কে ইরানের সঙ্গে লেনদেনের বিষয়ে নিষেধ করা হবে। ফলে ইরানের কাছে বোয়িং কিংবা এয়ারবাস কোনো কোম্পানিই বিমান বিক্রি করতে পারবে না। এই বিল আইনে পরিণত হলে ইরানের সঙ্গে আমদানি-রপ্তানি ও লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলো বাধার মুখে পড়বে।
গত জুন মাসে একটি সমঝোতার আওতায় বোয়িং কোম্পানি ইরানের কাছে ৮০টি বিমান বিক্রির জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয়ের লাইসেন্স পেয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের সঙ্গে আলোচনা চলছে। সেপ্টেম্বর মাসে বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাস জানিয়েছে, ইরানের কাছে বিমান বিক্রির বিষয়ে তারাও মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫