সর্দির ভাইরাস দিয়ে হবে ক্যান্সারের চিকিৎসা!
-
রিওভাইরাস
ক্যান্সার চিকিৎসায় সর্দি-কাশি সৃষ্টির সঙ্গে জড়িত রিওভাইরাস ব্যবহার করা যাবে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। ইমিউনো থেরাপিতে রিওভাইরাসের প্রয়োগ নিয়ে সমীক্ষা প্রকাশিত হয়েছে ‘গাট’ সাময়িকীতে।
এতে বলা হয়েছে, ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা গবেষকরা এমন গবেষণা করেছেন। তারা দেখতে পেয়েছেন, রিওভাইরাস ক্যান্সার রোগীর দেহ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করে তোলে এবং এতে ক্যান্সার কোষরাজিকে হত্যা করা যায়। রিওভাইরাস প্রয়োগে ন্যাচারাল কিলার নামের রক্তের শ্বেত কোষ উদ্দীপ্ত হয়ে উঠে। টিউমার এবং হেপাটাইটিস সি ভাইরাস উভয়কে নির্মূল করে এ ঘাতক। ইঁদুরের দেহে এ পরীক্ষা চালানো হয়েছে।
এ ছাড়া, হেপাটাইটিস সি ভাইরাসের কার্যক্ষমতাও বন্ধ করে একে পুরোপুরি অক্ষম করে দেয় রিওভাইরাস। লিভার ক্যান্সারের প্রাথমিক কারণ হলো হেপাটাইটিস সি।
রিওভাইরাসের কারণে শিশুরা শ্বাসতন্ত্রের অসুখ অর্থাৎ সর্দি-কাশিতে ভুগতে পারে। কিংবা তাদের পেট খারাপও হতে পারে। তবে এ ভাইরাসে সাধারণ ভাবে বড়দের কিছু হয় না।
বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর কারণ হিসেবে লিভার ক্যান্সারের অবস্থান দ্বিতীয় নম্বরে রয়েছে। পৃথিবীতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ লিভার ক্যান্সারে মৃত্যুবরণ করেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৭