প্রেসিডেন্ট পুতিনের বিমানকে তাড়া করল সুইস ৩ যুদ্ধবিমান
-
সুইস যুদ্ধবিমানের এ ছবি রুশ বিমানের জানালা দিয়ে তোলা হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিমানকে সুইজারল্যান্ডের আকাশে তাড়া করেছে দেশটির তিন যুদ্ধবিমান। রুশ সাংবাদিকদের নিয়ে পেরুর এপেক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে বিমানটিকে তাড়া করা হয়। অবশ্য এ সময়ে বিমানটিতে প্রেসিডেন্ট পুতিন ছিলেন না।
গতকাল এ ঘটনা ঘটেছে। সুইজারল্যান্ডের আকাশসীমা দিয়ে ওড়ার সময়ে দেশটির বিমানবাহিনীর তিন যুদ্ধবিমান রুশ বিমানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এতে, রুশ বিমানকে অবতরণে বাধ্য করা হবে ধারণার সৃষ্টি হয়েছিল। অবশ্য সুইস সীমান্তের কাছে পৌঁছানোর পর যুদ্ধবিমানগুলো ফিরে যায়।
রুশ পাইওনিয়ার ম্যাগাজিনের প্রধান সম্পাদক আন্দ্রে কোলেনশেনকোভ বলেন, রুশ বিমানকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলে সুইস যুদ্ধবিমান। তিনি জানান, খুব কাছ দিয়ে উড়ছিল সুইস যুদ্ধবিমানগুলো এবং পাইলটদের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল। এতো কাছাকাছি দিয়ে ওড়ার জন্য যুদ্ধবিমানগুলোকে হুমকি হিসেবে মনে হচ্ছিল বলেও উল্লেখ করে তিনি এ ঘটনার কঠোর নিন্দা করেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৯