কেলেঙ্কারি সত্ত্বেও জার্মান সাবমেরিন কেনার অঙ্গীকার করলেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i26275-কেলেঙ্কারি_সত্ত্বেও_জার্মান_সাবমেরিন_কেনার_অঙ্গীকার_করলেন_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো মূল্যে জার্মানির তৈরি ৩টি সাবমেরিন কেনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শত কোটি ডলারের এসব সাবমেরিন কেনার ক্ষেত্রে নেতানিয়াহুর ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে বলে কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরও এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ০৮:০৯ Asia/Dhaka
  • কেলেঙ্কারি সত্ত্বেও জার্মান সাবমেরিন কেনার অঙ্গীকার করলেন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো মূল্যে জার্মানির তৈরি ৩টি সাবমেরিন কেনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শত কোটি ডলারের এসব সাবমেরিন কেনার ক্ষেত্রে নেতানিয়াহুর ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে বলে কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরও এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আল-কুদস বা জেরুজালেমে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে জার্মান সাবমেরিন কেনার অঙ্গীকার ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইলের দীর্ঘ মেয়াদি নিরাপত্তাকে বিবেচনায় রেখেই সাবমেরিন কেনার কথা বিবেচনা করা হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১০-এ প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, এসব সাবমেরিন কেনার চুক্তিতে ১৫০ কোটি ডলারের কেলেঙ্কারি করেছেন নেতানিয়াহু। প্রতিবেদনের বক্তব্য খণ্ডনের চেষ্টার অংশ হিসেবে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাবমেরিন নির্মাতা জার্মানিভিত্তিক বহুজাতিক কোম্পানি থাইসেনক্রাপের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নেতানিয়াহুর ব্যক্তিগত কৌঁসুলী এবং দীর্ঘদিনের আস্থাভাজন ডেভিড শিমরন।

ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোনকে পাশ কাটিয়ে সাবমেরিন কেনার বিষয়ে চুক্তি করা হয়। ফলে চুক্তি নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১