‘ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ক্ষতিগ্রস্ত করবেন না ওবামা’
-
হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা ক্ষতিগ্রস্ত করবেন না আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। এইসঙ্গে ইরান-বিরোধী কোনো বিলেও তিনি সই করবেন না। হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট গতকাল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
তিনি তার ভাষায় বলেন, “আমরা এমন কোনো বিলে সই করব না যা ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে দূরে রাখার জন্য আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়কে বাধা দেয়।” তিনি আরো বলেন, “যদি এমন কোনো পদক্ষেপ নেয়া হয়ে থাকে তাহলে তা প্রক্রিয়াধীন রয়েছে এবং তা বাস্তবায়নে সময় লাগবে; আমাদের শেষ সময় পর্যন্ত এ চুক্তিকে আমরা মেনে চলব।”
মার্কিন অর্থ মন্ত্রণালয় ফরাসি বিমান কোম্পানি এয়ারবাসকে ইরানের কাছে ১০৬টি বিমান বিক্রির অনুমতি দেয়ার পরই জোশ আর্নেস্ট এসব কথা বললেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এয়ারবাসকে লোইসেন্স দেয়ার কথা নিশ্চিত করেছেন। ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি বন্ধের জন্য সম্প্রতি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ একটি বিল পাস করেছে তবে ওবামা বলেছেন, তিনি এ বিলে সই করবেন না। ওবামা সই না করলে বিলটি আইনে পরিণত হতে পারবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩