হাইফাতে ভয়াবহ দাবানল, ফিলিস্তিনিদের দায়ী করছে ইসরাইলি কর্তৃপক্ষ (ভিডিও)
ভয়াবহ দাবানলে সর্বস্ব হারিয়ে ইহুদিবাদি ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা থেকে হাজার হাজার মানুষ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছে। দাবানলের কারণে পাশ্ববর্তী শহর জেরুজালেম ও পশ্চিমতীরের কাছের অবৈধ ইহুদি বসতিগুলোও হুমকির মুখে পড়েছে। এরইমধ্যে প্রায় ৮০ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। হাইফা থেকেই সরানো হয়েছে ৬০ হাজার মানুষকে।
উদ্ভূত পরিস্থিতিতে তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর, হাইফা বন্দর, বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে।

ইসরাইলে টানা দুই মাসের খরা চলার পর মঙ্গলবার এ আগুন লাগে। প্রবল বাতাসের কারণে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সংবাদ মাধ্যমে এ ঘটনাকে দাবানল উল্লেখ করা হলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। দৈনিক হারেৎজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "যে বা যারাই ইসরাইলি রাষ্ট্রের একাংশকে আগুনে পুড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে।’’

ইসরাইলের কট্টরপন্থি শিক্ষামন্ত্রী নেফতালি বেন্নেত দাবি করেছেন, আরব অথবা ফিলিস্তিনিরাই এই আগুন লাগিয়েছে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন: ‘ইসরাইলকে যারা নিজেদের দেশ বলে মনে করে না, আগুনে পুড়িয়ে দেয়ার অপকর্ম কেবল তাদের পক্ষেই সম্ভব।’’

এদিকে, আগুন নিয়ন্ত্রণের জন্য আমেরিকা, রাশিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, সাইপ্রাস ও ইতালি অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। তুরস্কও পানিবাহী উভচর বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী তুর্কি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা শিন বেথ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫