দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা দেশটির ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162106-দক্ষিণ_লেবাননে_ইসরায়েলি_হামলা_দেশটির_ভৌগোলিক_অখণ্ডতার_লঙ্ঘন_বাকায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
আগস্ট ১১, ২০২৬ ১৫:৪১ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আইআরআইবি বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। এসব হামলায় বেশ কয়েকজন লেবাননি হতাহত হওয়ার পাশাপাশি বেসামরিক মানুষের বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও উদাসীনতা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে এবং এর ফলে তাদের আগ্রাসন ও অপরাধ অব্যাহত রয়েছে।

বাকায়ি আরও বলেন, দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার কারণে মার্কিন শাসকগোষ্ঠীকে লেবানন, অধিকৃত ফিলিস্তিন ও গোটা অঞ্চলে ইসরায়েলের সংঘটিত সব অপরাধের সহযোগী ও অংশীদার হিসেবে বিবেচনা করা হয়।

লেবাননি জনগণের সাহসী প্রতিরোধ ও ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ়তার প্রশংসা করে বাকায়ি বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও স্বাধীনতা রক্ষার পথে ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবাননের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।