৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার অর্ডার দিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/world-i26908-৫০টি_এফ_৩৫_জঙ্গিবিমান_কেনার_অর্ডার_দিয়েছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল আমেরিকার কাছ থেকে আরো ১৭টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বায়না দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এ ধরনের মোট ৫০টি জঙ্গিবিমান কেনার অর্ডার দিল তেল আবিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ০৪:১৯ Asia/Dhaka
  • আকাশে উড়ছে একটি এফ-৩৫ জঙ্গিবিমান
    আকাশে উড়ছে একটি এফ-৩৫ জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইল আমেরিকার কাছ থেকে আরো ১৭টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বায়না দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এ ধরনের মোট ৫০টি জঙ্গিবিমান কেনার অর্ডার দিল তেল আবিব।

রোববার ইসরাইলের মন্ত্রিসভা নতুন করে আরো ১৭টি জঙ্গিবিমান কেনার সিদ্ধান্ত নেয়। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫ বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল জঙ্গিবিমান হিসেবে পরিচিত। এগুলোর প্রত্যেকটির দাম প্রায় ১১ কোটি মার্কিন ডলার।

 নতুন করে অর্ডার দেয়া এসব জঙ্গিবিমান তেল আবিবের হাতে পৌঁছালে এই অবৈধ সরকারের বিমান বাহিনীর জঙ্গিবিমানের সংখ্যা দুই স্কোয়াড্রন পূর্ণ হবে।

এখন থেকে দুই সপ্তাহের মধ্যে এর আগে অর্ডার দেয়া প্রথম দুই জোড়া এফ-৩৫ বিমান ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করবে। বিমানগুলো আমেরিকা থেকে আকাশে উড়বে এবং মার্কিন পাইলটরা চালিয়ে নিয়ে আসবেন।

ইহুদিবাদী ইসরাইল আনুষ্ঠানিকভাবে জঙ্গিবিমানগুলো অর্থের বিনিময়ে কিনছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে দেয়া সামরিক সহযোগিতার আওতায় এসব জঙ্গিবিমান পাচ্ছে তেল আবিব।

চলতি বছরের গোড়ার দিকে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইসরাইল আমেরিকার কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য পেয়েছে। ১৯৬২ সালে এ সহায়তা দেয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল আবিবকে ১২,৪৩০ কোটি ডলারের সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

আগামী ১০ বছরে ইসরাইলকে আরো অন্তত ৩,৮০০ কোটি ডলারের সামরিক সাহায্য দেয়ার বিষয়ে গত সেপ্টেম্বরে সম্মত হয়েছে মার্কিন সরকার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮