আমেরিকার ৩ অঙ্গরাজ্যে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার তিনটি অঙ্গরাজ্যে ব্যাপকভাবে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ক্যালিফোর্নিয়ায় ব্যাপক ভোট কারচুপি হওয়ার পরও মূল ধারার গণমাধ্যমগুলো বিষয়টিকে এড়িয়ে গেছে।
ওই তিনটি অঙ্গরাজ্যেই ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন অল্প ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন। ওই তিন অঙ্গরাজ্যে বিজয়ী হলে হিলারিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতেন। ট্রাম্পের দাবি, জাল ভোট পড়ার কারণেই হিলারি পপুলার ভোট বেশি পেয়েছেন।
ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মোট ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটন প্রায় ১৩ লাখ ভোট বেশি পেয়েছেন। এই সংখ্যা আরও আট বা দশ লাখ বাড়তে পারে, কারণ ক্যালিফোর্নিয়ার সব ভোট গোনা এখনো শেষ হয়নি। ডোনাল্ড ট্রাম্প বলছেন, হিলারির পক্ষে লাখ লাখ জাল ভোট পড়েছে। মার্কিন গণমাধ্যম ভোট কারচুপির জন্য হিলারির সঙ্গে আঁতাত করেছে বলে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দাবি করেছিল।
এদিকে, ইলেকট্রনিক ভোট যন্ত্রে কারচুপি হয়েছে বলে গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিলস্টাইন অভিযোগ তোলার পর উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচন কমিশন সেখানকার ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মার্কিন ভোটগ্রহণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন ও সন্দেহ আগের চেয়ে আরও বেড়েছে। এরইসঙ্গে অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়েও নানা প্রশ্ন সামনে আসছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮