পরমাণু সমঝোতা বাতিল করা হবে 'বিপর্যয়কর': সিআইএ প্রধান
-
জন ব্রেনান
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সই হওয়া সমঝোতা বাতিল করলে তা হবে আমেরিকার জন্য বিপর্যয়কর। তিনি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় গিয়ে পরমাণু সমঝোতা বাতিল করেন তাহলে সেটি সত্যিই অন্তর্ঘাতমূলক কাজ বলে বিবেচিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জন ব্রেনান এ কথা বলেছেন। বিবিসি আজ (বুধবার) তাদের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করেছে। চার বছর সিআইএ’র প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারি মাসে ব্রেনান পদত্যাগ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প বহুবার ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাতিল করার হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে বিবিসি-কে ব্রেনান বলেন, একটি প্রশাসন পরমাণু সমঝোতা করেছে, সেই সমঝোতা যদি বতিল করা হয় তাহলে তা হবে আমরিকার জন্য নজিরবিহীন। তিনি পরিষ্কার করে বলেছেন, পরবর্তী প্রশাসন এ সমঝোতা বাতিল করলে তা চরম বোকামি বলে গণ্য হবে।
নির্বাচনের আগে ট্রাম্প ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা বাতিলের কথা বললেও এখন তিনি এ বিষয়ে কোনো কিছু বলছেন না; এ নিয়ে কোনো ইঙ্গিতও নেই। অবশ্য, ইরান বলে রেখেছে, মার্কিন প্রশাসন যদি এ চুক্তি ছিড়ে ফেলে তাহলে তেহরান তাতে আগুন লাগিয়ে দেবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০