আবার ১০ বছরের জন্য ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i27238-আবার_১০_বছরের_জন্য_ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। আজ (বৃহস্পতিবার) সিনেট সর্বসম্মতভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে ভোট দেয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ৯৯টি।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৬ ২২:৫১ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেস
    মার্কিন কংগ্রেস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। আজ (বৃহস্পতিবার) সিনেট সর্বসম্মতভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে ভোট দেয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ৯৯টি।

বিলটি পাসের পর তা হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সইয়ের জন্য পাঠানো হয়েছে। ওবামা এতে সই করলে তা আইনে পরিণত হবে। কয়েকদিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদও প্রায় সর্বসম্মতভাবে বিলটি পাস করেছিল। কংগ্রেস সদস্যরা আশা করছেন, ওবামার টেবিলে যাওয়ার পর বিলটিতে তিনি সই করবেন।

পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা হওয়ার পরও মার্কিন কংগ্রেস এ বিল পাস করল। কংগ্রেস সদস্যরা তাদের ভাষায় বলছেন, তারা আরো এক দশকের জন্য এ বিল পাস করে ইরানকে এ কড়া বার্তা দিতে চান যে, আমেরিকার যেকোনো প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারেন। তবে ইরান বরাবরই সতর্ক করে আসছে, নিষেধাজ্ঞা নবায়ন করা হলে তা পরমাণু সমঝোতার লঙ্ঘন বলে ধরা হবে এবং ইরান পাল্টা ব্যবস্থা নেবে।

 

গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রকাশ্য এক সভায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে তেহরান তার জবাব দেবে। এছাড়া, ইরানের জাতীয় সংসদ মার্কিন কংগ্রেসের অনুরূপ ব্যবস্থা নেয়ার কথা বলেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১