'পাগলা কুকুর'-কে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেব: ডোনাল্ড ট্রাম্প
-
ম্যাড ডগ খ্যাত জেনারেল জেমস ম্যাট্টিস
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি 'পাগলা কুকুর' জেমস ম্যাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ‘ইউএসএ থ্যাংক ইউ ট্যুর ২০১৬’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, আগামী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ২০০৫ সালে আমেরিকার সান ডিয়েগোতে এক অনুষ্ঠানে ম্যাট্টিস বলেছিলেন, "কিছু লোককে গুলি করার মধ্যে মজা আছে।"
২০০৪ সালে ইরাকের ফালুজায় রক্তক্ষয়ী যুদ্ধে মেরিনদের নেতৃত্ব দেন তিনি। ইরাকে অবস্থানকালে দেশটির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছিলেন, " আমার কথা না শুনলে তোমাদের সবাইকে হত্যা করব।"
গতকাল ট্রাম্প নিজেই ম্যাট্টিসকে 'ম্যাড ডগ' হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের দৃষ্টিতে ম্যাট্টিসই হচ্ছে সবচেয়ে সেরা।ওবামা প্রশাসনের ঘোর সমালোচক ছিলেন ম্যাট্টিস। ওবামার মধ্যপ্রাচ্য নীতি বিশেষকরে ইরান ইস্যু নিয়ে প্রকাশ্যে তিনি সমালোচনা করেন। ম্যাট্টিস ইরান-বিরোধী জেনারেল হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
নৌবাহিনীর জেনারেল ম্যাট্টিস আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২