ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯, নিখোঁজ ২৫
-
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে অগ্নিকাণ্ডে
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে ওকল্যান্ড শহরের একটি ভবনে কনসার্ট চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, ২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না; তারা মারা গেছে নাকি নিখোঁজ হয়েছে তা স্পষ্ট নয়। অগ্নিনির্বাপক দলের সদস্যরা জানিয়েছেন, ভবনে যখন আগুন লাগে তখন সেখানে প্রায় ৫০ জন মানুষ ছিল।
অগ্নিনির্বাপক দলের প্রধান টেরেসা দেলোচ-রিড বলেন, বিশাল ভবনের ছাদ ধ্বসে পড়ায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। তিনি জানান, ভবনের বিরাট অংশে তল্লাশি চালানো সম্ভব হয় নি। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আর বাড়বে না তবে তল্লাশির কাজটা সম্পূর্ণ করা যায় নি।অগ্নিনির্বাপক দলের সদস্যরা শনিবার সকাল পর্যন্ত ভবনের কাছে ছিলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আগুনের কুণ্ডলিতে ভবনের ছাদ পুড়ে যাচ্ছে; সেইসঙ্গে রয়েছে বিপুল পরিমাণে ধোঁয়া। কেউ কেউ ভবনের দোতলা থেকে লাফিয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩