ইসরাইলি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করলেন এরদোগান (ভিডিও)
ছয় বছরের বিরতির পর আবার ইসরাইলি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী তুর্কি ত্রাণবাহী জাহাজে ইহুদিবাদী কমান্ডোদের হামলার পর ২০১০ সালে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা।
সোমবার নয়া ইসরাইলি রাষ্ট্রদূত এইতান নায়েহ আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগানের কাছে নিজের পরিচয়পত্র হস্তান্তর করেন। তুরস্কে নিয়োগ পাওয়ার আগে নায়েহ লন্ডনে ইসরাইলের উপ-রাষ্ট্রদূত ছিলেন।
তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলে নিযুক্ত নয়া তুর্কি রাষ্ট্রদূত কেমাল ওকেম এ সপ্তাহের শেষের দিকে ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
২০১০ সালে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলায় ১০ তুর্কি শান্তিকর্মী নিহত হয়েছিলেন। গত জুনে এরদোগান সরকার ঘোষণা করে, দেশটি ত্রাণবাহী জাহাজে হামলার জের ধরে ইসরাইলের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ গ্রহণ করেছে এবং তেল আবিবের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে তুরস্কের জনগণ ইসরাইলের সঙ্গে তাদের দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে মেনে নিতে পারেননি। গত অক্টোবরে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলে বিক্ষোভ মিছিল করে এ সম্পর্কের নিন্দা জানান। তারা বলেন, ইহুদিবাদী ইসরাইল যতদিন গাজার ওপর পাশবিক অবরোধ বহাল রাখছে ততদিন তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আঙ্কারার উচিত হবে না।
কিন্তু গণদাবি উপেক্ষা করে ইসরাইলি রাষ্ট্রদূতকে গ্রহণ করলেন প্রেসিডেন্ট এরদোগান। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরাইলকে স্বীকৃতি না দিলেও হাতে গোনা যে কয়েকটি মুসলিম দেশ এ কাজ করেছে তুরস্ক সেগুলোর অন্যতম।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬