আফগানিস্তানে আসছে আরো ৮,৪০০ মার্কিন সেনা
https://parstoday.ir/bn/news/world-i27850-আফগানিস্তানে_আসছে_আরো_৮_৪০০_মার্কিন_সেনা
২০১৭ সালে আফগানিস্তানে ৮,৪০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার কাবুল সফরে গিয়ে শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৬ ০৪:৩৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে মোতায়েন একদল মার্কিন সেনা (ফাইল ছবি)
    আফগানিস্তানে মোতায়েন একদল মার্কিন সেনা (ফাইল ছবি)

২০১৭ সালে আফগানিস্তানে ৮,৪০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার কাবুল সফরে গিয়ে শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

এর আগে বলা হয়েছিল, আগামী বছর আফগানিস্তানে ৫,৫০০ মার্কিন সেনা  মোতায়েন করা হবে। কিন্তু কার্টার বলেছেন, সামরিক পরিকল্পনায় কিছু পরিবর্তন আনার পর আফগানিস্তানে মোতায়েন করতে যাওয়া সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।

শুক্রবার কাবুলে যৌথ সংবাদ সম্মেলনে কার্টার ও আশরাফ গনি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আগাম সতর্কতামূলক অভিযানে’ আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে এসব মার্কিন সেনা এবং এই সহযোগিতার কৌশলগত অনেক গুরুত্ব রয়েছে।

২০০১‌ সালের ৭ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের আওতায় ওই আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করা হয়। কিন্তু সে ঘটনার দেড় দশক পর আজও  আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি। ২০০৮ সালে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে আফগান যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তা রক্ষা করেননি। বরং এত বছর পর আফগানিস্তানে নতুন করে আরো  হাজার হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিলেন তার প্রতিরক্ষামন্ত্রী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০