নিজ হাতে বহু মানুষকে হত্যার কথা স্বীকার করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!
-
রদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে বলেছেন, তিনি বহু অপরাধীকে নিজ হাতে হত্যা করেছেন। অপরাধীদেরকে কিভাবে হত্যা করতে হয় পুলিশকে তা শেখাতেই তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন দুতের্তে। মাদক বিরোধী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। গার্ডিয়ান পত্রিকা এ খবর দিয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট আরও বলেছেন, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি নিজে মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন এবং অপরাধের সঙ্গে জড়িতদের হত্যা করেছেন। দুতের্তে ওই শহরে প্রায় ২০ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন।
দুতের্তে ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।
দুতের্তে এর আগে নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছিলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ লাখ মানুষকে হত্যা করতে পারলে তিনি খুশি হবেন।#
পার্সডে/সোহেল আহম্মেদ/১৪