রুশ রাষ্ট্রদূতের হত্যাকাণ্ড আইনের সব নীতি লঙ্ঘন করেছে: ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i28744-রুশ_রাষ্ট্রদূতের_হত্যাকাণ্ড_আইনের_সব_নীতি_লঙ্ঘন_করেছে_ডোনাল্ড_ট্রাম্প
তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৬ ১৪:০৭ Asia/Dhaka
  • আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যা করা হয়।

গতকাল (সোমবার) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে আমেরিকার ভবিষ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবশ্যই বিশ্বব্যাপী নিন্দা জানাতে হবে। পাশবিক এ কর্মকাণ্ড আইনের সব নীতি লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ট্রাম্প।   

তিনি আরো বলেছেন, উগ্র ধর্মান্ধ এক সন্ত্রাসীর মাধ্যমে নিহত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের পরিবার এবং তার প্রিয়জনদের প্রতি সংহতি প্রকাশ করছি। এদিকে, মস্কো এবং আঙ্কারা এ হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছে।

রাষ্ট্রদূতকে হত্যাকারী ২২ বছর বয়সি মেভলুত মেরেত আলতিনতাস তুরস্কের দাঙ্গা বিরোধী পুলিশ বাহিনীর কর্মকর্তা ছিলেন। আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিন সেভ এবং স্যুট-টাই পরিহিত আলতিনতাস রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে প্রকাশ্যে উপস্থিত দর্শকদের সামনে গুলি করে হত্যা করে।এর কিছুক্ষণ পরেই সে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।#  

পার্সটুডে/বাবুল আখতার/২০